চট্টগ্রামে নতুন করে আরও ছয়জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮ শিশুর শরীরে হাম শনাক্ত হলো। এর মধ্যে ৬ জন নগর এবং ২ জন চট্টগ্রামের দুটি উপজেলার বাসিন্দা।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে ৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ৮ জনের তথ্য এসেছে। বাকিদের তথ্য পাওয়া সাপেক্ষে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি প্রতিনিয়ত আমরা নমুনা পাঠাচ্ছি। এখনো পর্যন্ত মৃত্যুর খবর নেই। জেলায় হামের টিকার সংকট নেই।
সিভিল সার্জন কার্যালয় জানায়, নমুনা সংগ্রহ করা হয়েছে এমন রোগীদের মধ্যে ২৯ জন নগরের তিন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ৯ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন হাম ও হামের লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে।
এর আগে, চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে আজ সকালে জানানো হয়েছিল। ওই দুই শিশুর মধ্যে এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য শিশুটি চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের একজনের বয়স পাঁচ মাস ও অন্য জনের সাড়ে পাঁচ মাস। তারা হাটহাজারি ও বোয়ালখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।



মন্তব্য নেওয়া বন্ধ।