চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ের লেবু বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, পাহাড়ে বিচরণ করা মহিষের গুঁতোয় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খালের পাশে একটি লেবু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবদুল মাবুদ কড়লডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার পাড়ার মৃত ইউছুপ নবীর ছেলে। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। লেবু বাগানে কাজের পাশাপাশি তিনি পাহাড়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করতেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে লেবু বাগানে কৃষিকাজ করতে যান আবদুল মাবুদ। সাধারণত কাজ শেষে বিকেল ৫টার দিকে তিনি বাড়ি ফিরতেন। কিন্তু ওই দিন বিকেল গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে ডুমুরিয়া খালের পাশে লেবু বাগানে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিহতের ভাগিনা সাগর তালুকদার বলেন, মামা প্রতিদিন লেবু বাগানে কাজ করতে যেতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে গিয়ে বাগানে মরদেহ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মহিষের আক্রমণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়েছি, মহিষের গুঁতোয় আবদুল মাবুদ নামের এক ব্যক্তি মারা গেছেন। ওই পাহাড়ে কয়েকটি মহিষের পাল লালন-পালন করা হয়। এসব মহিষ অনেক সময় উন্মুক্তভাবে পাহাড়ে বিচরণ করে।


