চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পরবর্তী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, এ সময় দেশের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না। তবে বুধবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং শুক্রবার কিছুটা বাড়তে পারে।


