চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের মালিকানা ও লাভের ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধের একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান পশ্চিম সরলের বেড়িবাঁধ এলাকার বাসিন্দা। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, মাছের ঘেরের মালিকানা, নিয়ন্ত্রণ ও লাভের অংশীদারত্ব নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণ শুরু হলে তিনজন গুলিবিদ্ধ হন। এ সময় গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


