চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

0

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে সীতাকুণ্ডের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার ও বাদল ওরফে কাইল্লা বাদল।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে রাজধানীর নিউ মার্কেটে গত এপ্রিলে টিটনকে গুলি করে হত্যার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, রাজধানীর বসিলার একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে না পেয়ে গুলি চালানোর ঘটনায় করা মামলার আসামি হিসেবে তাদের খোঁজা হচ্ছিল। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্যাং হোতা এ্যালেক্স ইমন হত্যা মামলাসহ হত্যা, চাঁদাবাজি ও দখল-বাণিজ্যের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।