চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুদ ও ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ১২০ দশমিক ০৫ টন সরকারি লাল গম জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এসআরবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে সরকারি খাদ্যশস্য অবৈধভাবে মজুদ ও ব্যবসা পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ছাড়া মজুদ করা ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দীন বলেন, সরকারি খাদ্যশস্য অবৈধভাবে মজুদ ও ব্যবসা পরিচালনার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খাদ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে একই দিন চট্টগ্রাম সফরে এসে জেটি, সাইলো ও দেওয়ানহাট সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ সময় আসন্ন রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদার করার নির্দেশ দেন তিনি। মন্ত্রী জানান, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।


