চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় মার্কিন কোস্ট গার্ডের দল

0

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের অগ্রগতি পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) টিম। সোমবার (২৩ নভেম্বর) বন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন দলটির সদস্যরা।

সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা বন্দরের অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন জেটি ও টার্মিনাল পরিদর্শন করেন।

বন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড বাস্তবায়নের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়। আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বন্দর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এ কোড যথাযথভাবে অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

আইএসপিএস কোডের আওতায় বন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি, নিরাপত্তা তদারকি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইএসপিএস কোড প্রতিপালনে চট্টগ্রাম বন্দরের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে মার্কিন কোস্ট গার্ডের পরিদর্শক দল।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।