ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চট্টগ্রাম থেকেই ‘দ্বিতীয় স্বাধীনতার’ ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরের নিউ মার্কেট মোড়ে চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, যে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই চট্টগ্রামের মাটি থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দেওয়া হচ্ছে।
এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং শহীদ ওসমান হাদিসহ সব জুলাই শহীদের হত্যার বিচার দাবি করেন।
এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী। এতে সালেহ উদ্দিন সিফাতসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়েরও আহ্বান জানান তারা।
বিকেলে সমাবেশের কর্মসূচি থাকলেও দুপুর থেকেই নগরের বিভিন্ন এলাকা ও আশপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকেন। সমাবেশ শেষে বিকেল ৪টার কিছু পর বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


