বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এক শোকবার্তায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন এবং অনলাইন গণমাধ্যমের বিকাশে অবদান সাংবাদিক সমাজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সাংবাদিকতায় তাঁর আপসহীন মনোভাব তাঁকে চির স্মরণীয় করে রাখবে। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গন দক্ষ ও পরিচ্ছন্ন এক অভিভাবককে হারালো।
সিইউজে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতায় একজন অভিজ্ঞ ও সুপরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন মাধ্যমেই কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার আগে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতেও দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


