চট্টগ্রামের পটিয়ায় একটি কথিত মাদকের আস্তানায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মো. এস্কান্দর প্রকাশ এস্ককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার কাছ থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জিরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তাপুর মহিরাখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি জরাজীর্ণ কক্ষে দীর্ঘদিন ধরে মাহমুদুল হকের নেতৃত্বে মাদকের কারবার চলছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা কথিত মাদকের আস্তানাটি ঘেরাও করে। এ সময় মাহমুদুল হক পালিয়ে গেলেও এস্কান্দরকে আটক করেন স্থানীয়রা। পরে আস্তানাটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এস্কান্দরকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তার কাছ থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই কক্ষ থেকেও আরও কিছু ইয়াবা পাওয়া গেছে।
আটক এস্কান্দর জিরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মালিয়ারা এলাকার মোহাম্মদ সেকান্দরের ছেলে।
স্থানীয় বিএনপি নেতা ফোরকান ও ছাত্রদল নেতা লতিফ বলেন, এলাকায় মাদকের কারবার বেড়ে যাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা একত্রিত হয়ে কথিত মাদকের আস্তানাটি উচ্ছেদ করেন। পরে বিক্ষুব্ধ জনতা সেখানে আগুন ধরিয়ে দেয়। তারা মাদক কারবারের মূল হোতা হিসেবে অভিযুক্ত মাহমুদুল হককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা মো. হালিম বলেন, এলাকায় মাদকের উৎপাত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ। কয়েকবার সতর্ক করার পরও মাদক কারবার বন্ধ না হওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এ পদক্ষেপ নিয়েছেন।
পটিয়া থানার উপপরিদর্শক কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এস্কান্দরকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।


