বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় পোস্টাল ভোট একটি যুগান্তকারী ও ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে স্থান করে নিয়েছে। সরকারি দায়িত্ব পালনে নিয়োজিত কিংবা প্রবাসে অবস্থানরত নাগরিকদের জন্য এই ব্যবস্থা ভোটাধিকার প্রয়োগের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
ভোটারের গোপনীয়তা ও নিরাপত্তা: সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোট নিয়ে নানা সন্দেহ ও নেতিবাচক মন্তব্য দেখা গেলেও বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ঘোষণাপত্রে ভোটারের নাম, স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ থাকলেও তা ব্যালট খামের সঙ্গে যুক্ত নয়। ঘোষণাপত্র আলাদা হলুদ খামে সংরক্ষিত থাকে, আর সাদা ব্যালট খামটি সরাসরি ভোটবাক্সে ফেলা হয়। ফলে কে কোন প্রতীকে ভোট দিয়েছেন তা অন্য কারও জানার সুযোগ নেই। স্বাক্ষরবিহীন ঘোষণাপত্র গ্রহণযোগ্য নয়, আর সবকিছুই স্বচ্ছভাবে সবার সামনে সম্পন্ন হবে। এভাবেই ভোটারের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত হয়।
দায়িত্ব পালনের সুযোগ: সরকারি দায়িত্বে নিয়োজিত থাকার কারণে অনেক সময় ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব হয় না। পোস্টাল ভোট সেই সীমাবদ্ধতা দূর করেছে। আমি নিজ হাতে পোস্টাল ব্যালট পেয়ে ভোট প্রদান করেছি। এ অভিজ্ঞতা সত্যিই আনন্দদায়ক। এই ব্যবস্থা না থাকলে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হতো না।
প্রবাসীদের চ্যালেঞ্জ: প্রবাসী ভোটারদের জন্য ডাকযোগে ভোট পাঠানো অনেক সময় ঝামেলাপূর্ণ হয়ে দাঁড়ায় মর্মে জানা যায়। কাজের ব্যস্ততা, দূরত্ব কিংবা সময়ের অভাবে অনেকে এই সুযোগ গ্রহণে অসমর্থ হন। অনেক প্রবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের ডিজিটাল সংস্করণ পোস্টাল বিডি অ্যাপস এর মাধ্যমে ভোট প্রদানের দাবি জানিয়েছেন। এটি চালু হলে প্রবাসী ও চাকরিজীবী ভোটারদের জন্য কার্যকর, নিরাপদ ও ঝামেলাবিহীন সমাধান পাওয়া যাবে।
গণতন্ত্রের প্রতীক: ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। প্রবাসে থেকেও জাতীয় দায়িত্ব পালন করা গর্বের বিষয়। ভোট দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রতীক। পোস্টাল ভোটের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার হাতিয়ার আরও শক্তিশালী হয়েছে।
আহ্বান: আগামী দিনে পোস্টাল ভোট প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও সবার জন্য সমানভাবে সুবিধাজনক করার আহ্বান জানাই। প্রযুক্তি-নির্ভর সমাধান যুক্ত হলে এই ব্যবস্থা আরও কার্যকর হবে এবং দেশের গণতান্ত্রিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।
লেখক : প্রাবন্ধিক ও সংগঠক।



মন্তব্য নেওয়া বন্ধ।