চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তিন টন খনিজ কয়লা জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক দুইটি কাঠের বোটে তল্লাশি চালায় কোস্ট গার্ড।
এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা পালিয়ে গেলেও বোট তল্লাশি করে তিন টন খনিজ কয়লা জব্দ করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দকৃত কয়লার আনুমানিক মূল্য পাঁচ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। জব্দকৃত কয়লা ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


