প্রধানমন্ত্রী কাল চট্টগ্রাম আসছেন, বর্ণিল সাজে সাজছে নগর

0

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নগরজুড়ে চলছে প্রস্তুতি। আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তার। পরে রেডিসন ব্লু হোটেলে একটি দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

তার সফর নির্বিঘ্ন করতে বিমানবন্দর থেকে নগরের বিভিন্ন স্থানে যাতায়াতের পথ প্রস্তুত করা হচ্ছে। নগরের প্রধান সড়কগুলোর খানাখন্দ সংস্কার, নতুন করে কার্পেটিং, ফুটপাত ও সড়ক পরিষ্কার এবং অপ্রয়োজনীয় ব্যানার-পোস্টার অপসারণের কাজ চলছে। পাশাপাশি সড়কবাতি সচল করা ও নতুন বাতি স্থাপন করা হচ্ছে। বিভিন্ন মোড় ও চত্বর সাজানো হচ্ছে ফুলের চারা দিয়ে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কাজির দেউরি সার্কিট হাউসে বিশ্রাম নেবেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি জে এম সেন হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়ের পর রেডিসন ব্লু হোটেলে দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সিটি করপোরেশন, ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিডিএসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পতেঙ্গায় অবতরণের পর আউটার রিং রোড ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে লালখান বাজারে পৌঁছানোর ব্যবস্থা রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।