ফটিকছড়িতে ঝড়ে প্রাইভেটকারের উপর ভেঙে পড়ল গাছ, সড়ক বন্ধ

0

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং এলাকায় ঝড়ো বাতাসে একটি আম গাছ ভেঙে পড়ে একটি প্রাইভেটকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৩ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গাড়িটি রামগড়ের দিকে যাচ্ছিল।

স্থানীয়রা জানান, হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলে সড়কের পাশে থাকা পুরোনো আম গাছটি ভেঙে পড়ে। এ সময় আম গাছটি একটি চলন্ত প্রাইভেটকারের উপর পড়লে সেটি ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি বলে জানা গেছে।

ঘটনার পরপরই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। গাছটি সরানোর কাজ চলমান রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা ৪৫ মিনিট) সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ফটিকছড়ির পাইন্দং এলাকায় ব্যবসায়ী মো. হামিদ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ঝড়ো বাতাসে চলন্ত একটি কারে একটি শতবর্ষী আম গাছ ভেঙে পড়েছে। এতে কেউ আহত হয়নি। তবে গাড়ির সামনের অংশে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার ২০-২৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন এসে গাছটি সড়ক থেকে উদ্ধারের কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।