ফটিকছড়িতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি, এলাকায় আতঙ্ক

0

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক পোল্ট্রি ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবছার উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার পোল্ট্রি ব্যবসায়ী লিটনের বাড়ি লক্ষ্য করে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত গুলি ছোড়ে। গুলির বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী লিটন জানান, রাত ৮টা ১৬ মিনিটের দিকে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। তিনি ঘরের ভেতরে থাকায় প্রাণে রক্ষা পান। হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।