বন্যাকবলিত চট্টগ্রামের তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন। সফরটি এখন পর্যন্ত চূড়ান্ত।’
সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারের জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘরও হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পাশাপাশি দলীয় পর্যায়েও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের কাজ ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে। সফরকালে প্রধানমন্ত্রী এসব ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন। একই সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেবেন।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য উপযুক্ত স্থানে হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালীতে গিয়ে সমাবেশে যোগ দেবেন এবং ত্রাণ বিতরণ করবেন। এছাড়া ওই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সোমবার (৩ আগস্ট) তাকে এবং দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। সফরকে ঘিরে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দাপ্তরিকভাবে বিস্তারিত সফরসূচি পাওয়ার পর সে অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।


