বাঁশখালী ও পেকুয়ায় বন্যাদুর্গতদের ঘর তৈরিতে শিক্ষা ক্যাডারের সহায়তা

0

সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বিসিএস জেনারেল ক্যাডার সদস্যদের সংগঠন ‘বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন, চট্টগ্রাম জেলা কমিটি’। সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বসতঘর নির্মাণ ও সংস্কারের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা, শেখেরখিল, বৈলছড়ি এবং প্রতিবেশী জেলা কক্সবাজারের পেকুয়ার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষা ক্যাডার সদস্যদের ব্যক্তিগত অনুদানে গড়ে তোলা তহবিল থেকে উভয় এলাকার প্রায় ৪০টি দুর্গত পরিবারের হাতে ঘরবাড়ি পুনঃনির্মাণের জন্য এই সহায়তা তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, সহসভাপতি প্রফেসর ড. শামছু উদ্দীন আজাদ ও সাধারণ সম্পাদক প্রফেসর আহম্মদ ছোবহান।

এ ছাড়া সংগঠনের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কোষাধ্যক্ষ আজম মুহাম্মদ আনোয়ার সাদাত, প্রচার সম্পাদক মোহাম্মদ ইকরাম, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমিরুল আনোয়ার চৌধুরী এবং সংগঠনের সদস্য আহমদ কবির, সালাউদ্দীন ও তাহের শওকতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদান শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্বের অংশ। এ উদ্যোগ কেবল বর্তমান দুর্যোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে শিক্ষা ক্যাডার পরিবার নিজেদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় এ ধরনের সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।