বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

0

বান্দরবান শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে শহরের কসাইপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরীফ শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় কয়েকজন কাজের জন্য ওই এলাকায় গেলে ঝিরিতে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে শরীফের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।