দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির দুটি পার্কিং দীর্ঘ দেড় বছর ধরে অবৈধভাবে দখলে রাখার অভিযোগ উঠেছে গঠনটির ব্যবস্থাপনা কমিটির দুই পরিচালক তাজুল ইসলাম কামাল ও মো. নজরুল ইসলাম রুপকের বিরুদ্ধে। এতে ভাড়া বাবদ সোসাইটি লাখ টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের।
জানা গেছে, নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত দশতলা বিশিষ্ট ‘পার্ক ভিস্তা’ ভবনে সোসাইটির অফিস রয়েছে দ্বিতীয় তলায়। একই ভবনে বসবাস করেন তাজুল ইসলাম কামাল ও মো. নজরুল ইসলাম রুপক। ভবনের পার্কিং এলাকায় তাদের নিজস্ব পার্কিং রয়েছে। সেগুলো তারা ভাড়া দিয়ে ব্যবহার করছেন সোসাইটির পার্কিং দুটি ।
এ ঘটনায় গত ৩ নভেম্বর দুই পরিচালকের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দিয়েছেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন। চিঠিতে পার্কিং ছেড়ে দেওয়া অথবা মাসিক তিন হাজার টাকা হারে ১৮ মাসের ভাড়া পরিশোধের জন্য বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে সমবায় অডিট রিপোর্টে অংকুর সোসাইটি স্কুলের মামলার খরচের নামে নজরুল ইসলাম রুপকের বিরুদ্ধে ৯ লাখ ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। সেই টাকা আদায়ে সমিতির ১৭তম সভার আলোচনার জন্য এজেন্ডায় আনা হয়। আইনি মতামতে বলা হয়, রুপকের কাছ থেকে টাকা নিয়ে স্কুল ফান্ডে জমা করতে হবে।
সোসাইটি সূত্র জানায়, আগের ব্যবস্থাপনা কমিটিগুলো দুটি পার্কিং ভাড়া দিয়ে বছরে লাখ টাকার বেশি আয় করত। এমনকি কমিটির সদস্যরাও পার্কিং ব্যবহার করলে মাসে তিন হাজার টাকা করে ভাড়া দিতেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, দুটি পার্কিং অবৈধভাবে দখলে রাখায় ব্যবস্থাপনা কমিটি ও সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ভাড়া পরিশোধে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির পরিচালক তাজুল ইসলাম কামাল বলেন, পার্কিংটি সভাপতির জন্য সংরক্ষিত। পার্কিংটি খালি থাকে বিধায় তিনি গাড়ি রাখতেন বলে জানান। অন্য পরিচালক নজরুল ইসলাম রুপকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ৭৫ বছরের পুরোনো এই সমবায়ী প্রতিষ্ঠানের বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে আগামী ১৮ নভেম্বরের মধ্যে বিশেষ সাধারণ সভা আহ্বানের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা।


