চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক, প্রতিষ্ঠা ও গৌরবের ৪০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে মিলন মেলা-২৫ আগামী ৭ এবং ৮ ফেব্রুয়ারি উদযাপন হবে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কলেজের হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক শফিক আহমদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পীর আউলিয়ার স্মৃতি বিজড়িত বার আউলিয়া ডিগ্রী কলেজ ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে ৪০ বছর পূর্ণ করেছে। উচ্চশিক্ষার মহান বিদ্যাপিঠ হিসেবে গৌরবের ও প্রতিষ্ঠার ৪০ বছর আমরা কলেজ কর্তৃপক্ষ ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করছি। তিনি বলেন, ৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩০মিনিটে কলেজ প্রাঙ্গন থেকে বটতলী মোটর স্টেশন পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালি শেষে কলেজ প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হবে। দুপুরে অংশগ্রহণকারীদের জন্য মেজবানের ব্যবস্থা রয়েছে। ৮ ফেব্রুয়ারি সারাদিন প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত অনুষ্ঠান, স্মৃতিচারণ, মিলনমেলা, ফ্যামেলী ডে, সমাপনী অধিবেশনের কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও বলেন, ৪০ বছর ধরে দেশ ও প্রবাসে যারা ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন পেশায় কাজেকর্মে জড়িত আছে সকলকে ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। ইতোমধ্যে রেজিস্ট্রেশন পর্ব চলমান রয়েছে, সংশ্লিষ্ট এলাকায় এবং অনলাইন প্রক্রিয়ায় রেজিস্টেশন চলছে।
এ সময় কলেজের অধ্যক্ষ বীরেন্দ্র দেবনাথ, অধ্যাপক সাইদুল আজিম চৌধুরী, শিক্ষার্থী পরিষদের সচিব এবং সুপ্রীম কোর্টের আইনজীবি মোহাম্মদ জসিম উদ্দিন, সুভাষ চন্দ্র নাথ, প্রাক্তন শিক্ষার্থী সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, নজরুল ইসলাম, সায়েম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীসহ কলেজের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য নেওয়া বন্ধ।