বৃষ্টি অব্যাহত থাকবে, কমতে পারে আগামীকাল

0

বিগত বেশ কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি গত তিনদিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশজুড়ে এই বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ ১০ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সাগর উত্তাল ও বৈরী আবহাওয়া বিরাজ করায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে আরও এক দিন ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।