মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

0

বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

সোমবার (১৭ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী এ সম্মাননা প্রদান করেন।

মাদকবিরোধী অভিযান জোরদার করে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়। নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার জন্য তার এই অর্জন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্মাননা পাওয়ার পর ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। ভবিষ্যতেও আরও কঠোরভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মাদক উদ্ধারে মাঠপর্যায়ে যারা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাদের উৎসাহিত করতেই এ ধরনের সম্মাননা প্রদান করা হচ্ছে। ওসি ফরিদা ইয়াসমিনের সাফল্য অন্য পুলিশ সদস্যদেরও মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় হতে অনুপ্রাণিত করবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।