বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গোলাম সারোয়ার বড় সাজ্জাদের সহযোগী এবং তার ফুফাতো ভাই।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র ব্যবহার করে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছিলেন।
পুলিশ আরও জানায়, ওই পরিচয় ব্যবহার করে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের পাশাপাশি বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন গোলাম সারোয়ার। পরে এসব কাগজপত্র ব্যবহার করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। বিমানবন্দরে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার গোলাম সারোয়ার চট্টগ্রামের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। তবে তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিদেশে পালানোর চেষ্টার বিষয়ে বিস্তারিত তদন্তের পর আরও তথ্য জানা যাবে।


