চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোন, কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে খুন্তি ও শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. মতিন উল্লাহ ও তাঁর পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট করে তারা।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে ছয় ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন, কম্পিউটারের মনিটর ও সিপিইউ, সিসিটিভি ক্যামেরার মনিটর ও হার্ডডিস্ক, ওয়াই-ফাই রাউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। ডাকাতেরা বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এর মনিটর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. মতিন উল্লাহ জানান, গভীর রাতে দরজা ভেঙে ডাকাতেরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


