মিরসরাইয়ে জেলেদের সাঁতার প্রতিযোগিতা, প্রথম সুজল দাশ

0

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে জেলেদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের পুকুরে আয়োজিত প্রতিযোগিতায় ১৫ জন জেলে অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুজল দাশ। দ্বিতীয় হন নিসান দাশ এবং তৃতীয় স্থান অর্জন করেন জয় দাস। বিজয়ীদের যথাক্রমে সিলিং ফ্যান, ডিনার সেট এবং প্লেট-বাটি সেট পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে জেলে ও মৎস্য চাষিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সভায় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য মিরসরাইয়ের শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে ধুম ইউনিয়নের আজিম উদ্দিনকে সনদ দেওয়া হয়। তাঁর হাতে সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও যথাযথ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। জেলে ও মৎস্য চাষিদের উৎসাহিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ইউএনও সোমাইয়া আক্তার বলেন, জেলেদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের সঙ্গে প্রশাসনের যোগাযোগ বাড়াতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রথম স্থান অর্জনকারী সুজল দাশ বলেন, জীবনে প্রথমবার এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁর ভালো লেগেছে। জেলেদের নিয়ে এমন আয়োজন তাঁদের উৎসাহিত করেছে।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, ‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গত রোববার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী কর্মসূচিতে শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, মতবিনিময় ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।