মিরসরাইয়ে তিন দিনব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন

0

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রবীণদের বই পড়া, শরতের কবিতা আবৃত্তি ও বাউল গানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মিরসরাই পৌরসভার পূর্ব গোভানিয়ায় রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশের মিরসরাই উপজেলা শাখা এ উৎসবের আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের প্রকৃতিবিষয়ক কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পাশাপাশি কবিদের স্বরচিত কবিতা পরিবেশনাও ছিল উল্লেখযোগ্য আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তানভীরুল কাদের। তিনি বই পড়ায় মানুষকে উদ্বুদ্ধ করার এ উদ্যোগকে স্বাগত জানান এবং সৃজনশীল কর্মকাণ্ডের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পাঠাগারসংলগ্ন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

প্রফেসর আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রাজিব মজুমদার, প্রফেসর সামছুন্নাহার, কবি ও লেখক আলমগীর হোসেন, রাফিয়া ডলি, নিগার সুলতানা, রেহেনা আক্তার, শাহাদাত হোসেন লিটনসহ স্থানীয় কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিকরা।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বইপাঠকদের পুরস্কৃত করা হয়। সবশেষে চট্টগ্রাম থেকে আসা সুজন বাউল ও শুভশ্রীর পরিবেশনায় লালনগীতি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।