রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে ৩ দিনব্যাপী বই পড়া উৎসব উদ্বোধন

0

চট্টগ্রামের মিরসরাইয়ে শিশু-কিশোরদের বই পড়ায় উৎসাহিত করতে তিন দিনব্যাপী বই পড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় মিরসরাই পৌরসভার পূর্ব গোভানিয়ায় রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে যুগান্তর স্বজন সমাবেশের মিরসরাই উপজেলা শাখা ও স্থানীয় খবরিকার উদ্যোগে এ আয়োজন শুরু হয়।

উৎসবের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান। প্রথম দিন ‘ক’ বিভাগে বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের প্রায় অর্ধশত শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেয়। তারা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশসহ বিভিন্ন কবি-সাহিত্যিকের লেখা এবং শিশুতোষ বই পাঠ করে।

পাঠ পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কবি ও শিক্ষক এমদাদ হোসেন রিগান এবং জ্যেষ্ঠ শিক্ষক নাজিম উদ্দিন। অধ্যাপক আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং অধ্যাপক শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে শরতের কবিতা আবৃত্তি পর্বও অনুষ্ঠিত হয়। এতে কবি আনোয়ার সাইফুল, শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সুমাইয়া তাবাচ্ছুম এবং পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ কবিতা আবৃত্তি করেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার প্রবীণতম শিক্ষক বাবু সুবাস সরকার, শিক্ষিকা বৃন্দা রাণী বণিক, কবি ও শিক্ষক স্বপন চক্রবর্তী, জ্যেষ্ঠ শিক্ষক মোসলেহ উদ্দিন শামীম, তাছলিমা চৌধুরী সুরভী, মহিউদ্দিন চৌধুরী, অজিত কুমার সেন, সানোয়ার ইসলাম রনি, এমদাদ হোসেন ভূঞা, ইব্রাহিম মাহমুদ, রাকিব হোসেন, তাবিবুল ইসলাম, ফাহিম, সাবিদ, আবিদ ও প্রিন্সসহ অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন অধ্যাপক আক্তারুজ্জামান, মতি লাল ও অধ্যাপক শেখ ফরিদ।

আয়োজকেরা জানান, উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার ‘খ’ বিভাগে বিভিন্ন বয়সী তরুণ ও যুবকেরা বই পাঠে অংশ নেবেন। শেষ দিন ‘গ’ বিভাগে প্রবীণ পাঠকদের জন্য বই পাঠের আয়োজন থাকবে। সমাপনী দিনের পুরস্কার বিতরণ করবেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

বই পড়ার অভ্যাস গড়ে তোলা, নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন বয়সী পাঠকদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।