মিরসরাইয়ে মাইক্রোবাসে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

0

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মাইক্রোবাস থেকে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত টয়োটা নোয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে পুলিশের ধাওয়া খেয়ে গাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে।

রোববার (১৬ আগস্ট) মিরসরাই উপজেলার ইকোনমিক জোন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ নজরদারি ও অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকোনমিক জোন সড়কে সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করা হয়। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে একপর্যায়ে সেটি সড়কে ফেলে পালিয়ে যায় গাড়িতে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা।

পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

ওসি ফরিদা ইয়াসমিন জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদকের উৎস, সরবরাহকারী চক্র ও এর সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।