চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয় থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকা থেকে সাপটি উদ্ধার করে সিঙ্ক রেসকিউ টিম বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রেসকিউ টিমের সদস্য তারেক আজীজ জানান, দুপুরের দিকে স্থানীয় একজন ব্যক্তি লোকালয়ে বড় একটি সাপ দেখা যাওয়ার খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৮ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় মহামায়া লেক সংলগ্ন পাহাড়ে সাপটি অবমুক্ত করা হয়।
মিরসরাই রেঞ্জের কর্মকর্তা মো. আল আমিন বলেন, বনাঞ্চলে খাবারের সংকট ও পরিবেশগত চাপের কারণে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। উদ্ধার করা সাপটি সুস্থ অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।