মিরসরাই সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা মুফিজ উদ্দিন

0

চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি নেতা মুফিজ উদ্দিন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি।

১৯৯১ সালে মিরসরাইয়ের আলোচিত সামাজিক সংগঠন মিঠাছড়া মিতালী সংঘের নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুফিজ উদ্দিন। এরপর থেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন তিনি।

১৯৯৭ সালে ভোটের মাধ্যমে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০০৭ সালে পুনরায় দলের আহ্বায়কের দায়িত্ব পেয়ে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখেন। ২০১১ সালের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও নির্বাচনে এলাকায় সাড়া ফেলেন। ২০১৬ সালেও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। এ সময় হামলা ও মামলার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন মুফিজ উদ্দিন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী নুরুল আমিনের নির্বাচনী আহ্বায়ক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

স্থানীয়দের মতে, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে মুফিজ উদ্দিনের পরিচিতি রয়েছে। বিভিন্ন সামাজিক উদ্যোগ ও দলীয় সাংগঠনিক কার্যক্রমেও তাকে সক্রিয় দেখা যায়।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফিজ উদ্দিন বলেন, “আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ চাইলে তাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, দলের দুর্দিনে যখন অনেকে বিএনপির পরিচয় দিতে ভয় পেতেন, তখনও দলকে সংগঠিত করার চেষ্টা করেছি। ২০১২ সালের রাজনৈতিক বিভিন্ন মামলায় আমাকে আসামি করা হয়েছে, বাড়িতে বোমা হামলাও হয়েছে। তারপরও এক দিনের জন্য রাজনীতি থেকে পিছপা হইনি। রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।

মুফিজ উদ্দিনের সমর্থকদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন। তবে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা এখনো সম্ভাব্য পর্যায়ে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।