মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারালেন মা। মারা গেছে শিশুটিও। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী বিএমএ রেলগেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারিন আক্তার (৩২) এবং তার ২২ মাস বয়সী শিশুসন্তান ইয়াসা। আহত তারিনের স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন জানান, তারিন আক্তার শুক্রবার স্বামী ও ২২ মাস বয়সী শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ভাটিয়ারীতে বেড়াতে এসেছিলেন। রাতে চট্টগ্রাম নগরীর বাসায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার স্বামী। শিশুসন্তানকে মাঝখানে বসিয়ে পেছনে বসেছিলেন তারিন।

চাকরির কারণে তারিন পরিবারসহ চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় বসবাস করতেন।

স্থানীয় লোকজন জানান, অসাবধানতাবশত শিশুটি মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহত ও নিহতদের হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।