বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণাকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি স্বাগত মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়িস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
মিছিল চলাকালে নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। তারা কেন্দ্রীয় যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে যুবদল দেশের যুবসমাজকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, “এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে। যুবদলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে এবং যুব সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর রাজপথের পরীক্ষিত নেতৃত্বদের মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আমাদের নেতা তারেক রহমানের দূরদর্শী ও কর্মীবান্ধব সিদ্ধান্তেরই প্রতিফলন।”
সমাবেশে নেতাকর্মীরা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।


