বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের যে ঐক্যবদ্ধতা রয়েছে সেটি ভেঙে দেয়ার জন্য বিভিন্নমহল থেকে ষড়যন্ত্র শুরু হতে পারে। আমাদেরকে একসাথে থাকতে হবে, যে আন্দোলনটি হয়েছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ফ্যাসিজমের শিকার এবং নির্যাতনের শিকার হয়েছে সবাই এই ফ্যাসিজমকে উৎখাত করার জন্য ভূমিকা রেখেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের একটি রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যেভাবে ফ্যাসিজমকে উৎখাত করতে রাজনৈতিক আদর্শ ভুলে গিয়ে একসাথে হয়েছিলাম ঠিক একইভাবে রাষ্ট্র পুনর্গঠন করতেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নয়তো ৪৭, ৭১ এবং ৯০ এর মতো আমাদের ২৪ এর আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে আমাদের ব্যক্তি এবং ক্ষুদ্রস্বার্থ রয়েছে সেটি বিসর্জন দিয়ে দেশ এবং জাতির সামগ্রিকস্বার্থের জন্য নিজেকে নিয়োজিত রাখবো।
তিনি আরও বলেন, এখন থেকে সরকারি অফিসে একটাকাও ঘুষবাণিজ্য চলবে না। যারা ঘুষ চাইবে তাদের পুলিশে সোপর্দ করবেন। আপনারা বলতে পারেন আমরা যদি পুলিশকে সোপর্দ করতে যাই পুলিশ হচ্ছে ঘুষের আখড়া হিসেবে পরিণত হয়েছিল। বিগত সময়ের পুলিশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ দুটির মধ্যে পার্থক্য রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে পুলিশ সেটি জনতার পুলিশ। পুলিশ তার পোশাককে কখনো ক্ষমতার উৎস মনে করে না। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের পোশাককে ক্ষমতার উৎস না ভেবে সেবার উৎসভেবে জনগণের আস্থার মূর্তপ্রতীক হয়ে থাকবেন। তাহলে আপনাদের পরিণতি বেনজির কিংবা হারুনের মতো হবে না।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকার অপর এক সমন্বয়ক শাকিব আহমেদ, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।
এর আগে, একইদিন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া লোহাগাড়ার শহীদ ইশমামুল হকের (১৭) আমিরাবাদস্থ দর্জি পাড়ায় কবর জেয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।