স্বপ্নের নৌযানডুবিতে ১৬ বছর বয়সী সন্তান আলবার্টকে হারিয়ে অবশেষে কক্সবাজার ছেড়েছে নিউজিল্যান্ডের একটি পরিবার। শোক ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্যটন মোটেল শৈবালে টানা ৫০ দিন কাটানোর পর বুধবার (১৪ অক্টোবর) ঢাকার উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা।
বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড়োজাহাজে ওঠেন ৭৪ বছর বয়সী জন এডওয়ার্ড পুডনি, তার স্ত্রী বেলা ও ১৩ বছর বয়সী ছেলে রালফ। এর আগে জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের বিদায় জানান।
পরিবারটির স্বপ্ন ছিল নিজেদের তৈরি ‘আইল্যান্ড গার্ল’ নৌযানে বিশ্বভ্রমণ শেষে নিউজিল্যান্ডে ফেরা। প্রায় আড়াই বছরের পরিশ্রমে তৈরি নৌযানটির পেছনে ব্যয় হয়েছিল দেড় কোটি টাকার বেশি। তবে গত ২৫ আগস্ট নাজিরারটেক ও সোনাদিয়া দ্বীপের মধ্যবর্তী সাগরে নৌযানটি ডুবে যায়। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাবা-মা ও ছোট ছেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ ছিল বড় ছেলে আলবার্ট। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।
গত ১৫ সেপ্টেম্বর কক্সবাজারে আলবার্টের দাহ সম্পন্ন হয়। এরপর পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটসংক্রান্ত জটিলতায় পরিবারটির দেশে ফেরা বিলম্বিত হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, জেলা প্রশাসন নিউজিল্যান্ড দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরিবারটির নিরাপত্তা ও দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করেছে।
এদিকে, ২৬ আগস্ট থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পর্যটন মোটেল শৈবালে পরিবারটির থাকা, খাওয়া ও লন্ড্রি বাবদ মোট বিল হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৬২৭ টাকা। বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।


