শিগগিরই কালুরঘাট সেতুর নির্মাণকাজ শুরু হবে: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, নতুন করে কালুরঘাট সেতু নির্মাণ বেয়ালখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এটির ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যেই সেতুর কাজ শেষ করার লক্ষ্যে নিয়মিত তদারকি করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ বাস্তবায়নে এবং খালেদা জিয়া-এর সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রথম প্রতিশ্রুতি অনুযায়ী কালুরঘাট সেতু নির্মাণ এখন বাস্তবায়নের পথে।

তিনি জানান, সেতু নির্মাণের অগ্রগতি তদারকিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে মাসে দুইবার সভা করা হবে। পাশাপাশি নির্বাচনী এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয়ে কর্ণফুলী নদীর ভাঙন রোধেও সরকার উদ্যোগী।

অনুষ্ঠানের শুরুতে চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় কধুরখীল, পোপাদিয়া ও পূর্ব গোমদন্ডী এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

চরণদ্বীপ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এবং আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শওকত আলম, শহীদুল্লাহ চৌধুরী ও মো. আজগরসহ অন্যরা।

মন্তব্য নেওয়া বন্ধ।