চট্টগ্রাম নগরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলশী থানার আমবাগান এলাকার পূবালী মাঠসংলগ্ন সিরাজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার স্থায়ী বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও এলাকায়।
সিএমপির জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত কী-না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


