মিরসরাইয়ে গভীর রাতে বসতঘরে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেল চোর

0

চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে একটি বসতঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করা হয়।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ রুহুল আমিন বাড়ির মৃত আক্তার হোসেনের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইফতেখার হোসেন রিয়াদ জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা শহরে অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘর থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা নগদ অর্থ, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে পাশের ঘরে থাকা তার চাচি ঘরের দরজা খোলা ও তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি তাদের জানান। পরে তারা এসে ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।

ইফতেখার হোসেন রিয়াদ বলেন, নিজের ঘর এভাবে লণ্ডভণ্ড অবস্থায় দেখতে হবে, তা কখনো ভাবিনি। এটি শুধু আর্থিক ক্ষতি নয়, পরিবারের নিরাপত্তা ও মানসিক শান্তির ওপরও বড় আঘাত।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় মিরসরাই থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মিঠানালায় চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।