সবাই মিলে সম্প্রীতি ও ভালোবাসায় অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে হবে : আমির খসরু

0

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপূজা একটা সর্বজনীন ও জাতীয় উৎসব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে বড় ধরনের একটা অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সবাইকে মিলে সম্প্রীতি ও ভালোবাসায় অন্তর্ভুক্তিমূলক একটা দেশ গড়তে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরীর জে এম সেন হল মাঠে জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, আশীর্বাদক ছিলেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছু কিছু জায়গায় স্বাভাবিকভাবে কিছু অসুবিধা হতেই পারে। সেই অসুবিধাটাকে আমরা ছোটভাবে দেখি, আমাদের সামনে যে বড় সম্ভাবনাগুলো আছে সেটাকে বড় করে দেখতে হবে। ছোটখাটো অসুবিধা হতেই পারে, প্রত্যেক সমাজে প্রত্যেক দেশে কিছু দুষ্ট লোক থাকে, সেটা সব সমাজে থাকে।

তিনি বলেন, পশ্চিমা দেশেও আমি দেখেছি কিছু দুষ্ট লোক থাকে। এরা যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি ভালোবাসা এটা নষ্ট করতে না পারে। সকলে ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টাটা করতে হবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের সর্বজনীন একটা ইতিহাস আছে। সর্বজনীন কোত্থেকে আসে, ইতিহাস থেকে। এজন্য আমি সবাইকে বলি সর্বজনীন দূর্গোৎসব, এটা জাতীয় উৎসব, এটা সকলের উৎসব। একটি ধর্মের বিশেষ উৎসব কিন্তু এটা আমাদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে।

তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক একটা দেশ আমরা গড়তে চাচ্ছি। যেখানে সকলের জন্য সমান জায়গা থাকে, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, সকলের জন্য সমান থাকতে হবে। সকলের অংশগ্রহণ থাকতে হবে। সকলের কাছে এই রাষ্ট্রের সুযোগ-সুবিধা সমানভাবে যেতে হবে। এই উদ্দেশ্যে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, ইতিপূর্বে কোনসময় দুর্গাপূজা শুরুর আগে এতসব অনুষ্ঠান হয়নি। এখন কিন্তু অনেক আগে ভাগে উৎসবের ভাব শুরু হয়ে গেছে, উৎসবের আনন্দ শুরু হয়ে গেছে। এই যে এত লোক আপনারা এখানে আসছেন। দুর্গাপূজা তো এখনো শুরুই হয়নি। এই আগে ভাগে যে উৎসবমুখর পরিবেশটা হয়েছে এটার একটা কারণ আছে।

তিনি বলেন, মনের মধ্যে স্বস্তি থাকলে, ভালোবাসা থাকলে সম্প্রীতির ভাব থাকলে এগুলো খুব সহজে হয়ে যায়। ওই পরিবেশটাই আমরা ফিরিয়ে আনতে চাই। সবাই মিলে সবার জন্য বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য শ্রী রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।