চ্যানেল২৪ এর আবাসিক সম্পাদক সিনিয়র সাংবাদিক কামাল পারভেজকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ সাক্ষরিত এক প্রতিবাদলিপিতে গ্রেফতারের দাবি জানানো হয়।
এর আগে বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা স্বনামধন্য সাংবাদিক কামাল পারভেজকে হুমকি দেয়।
প্রতিবাদলিপিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সাংবাদিক কামাল পারভেজকে হুমকি দেওয়ার ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটা নজিরবিহীন। পেশাদার একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এই ধরনের হুমকী সাংবাদিক সমাজ মেনে নেবে না।
তারা বলেন, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে ভয় দেখানো, চাপ প্রয়োগ, হুমকি কিংবা ধমকানোর মধ্য দিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা সভ্য ও গণতান্ত্রিক সমাজে অকল্পনীয়। সাংবাদিকরা জনগণের কাছে তথ্য তুলে ধরার দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক কামাল পারভেজকে হুমকির ঘটনায় ওয়াকিল হোসেন বগাকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে হুমকির শিকার সাংবাদিকের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনীতির নাম দিয়ে বগাকে রক্ষার যে কোনো অপচেষ্টা সাংবাদিক সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজ কোনো ধরনের হুমকি, ভয়ভীতি, চাপ কিংবা অপতৎপরতার কাছে নতি স্বীকার করবে না। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে সাংবাদিক সমাজ রাজপথে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দিতে বাধ্য হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক কামাল পারভেজের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


