সৌদি থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল, যাবে ইস্টার্ন রিফাইনারিতে

0

দেশের জ্বালানি সংকট নিরসনে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাহাজ ‘এমটি নিনেমিয়া’।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশের সময় সকাল ৬টায় (সৌদির স্থানীয় সময় রাত ৩টা) জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ দিনের মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজার রহমান জানান, বিশেষ রুটে আসার কারণে এই জাহাজটিকে বর্তমানে উত্তপ্ত ‘হরমুজ প্রণালী’ অতিক্রম করতে হবে না। ফলে নিরাপত্তা ঝুঁকি এড়িয়ে দ্রুততম সময়ে তেল পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাহাজটি বহির্নোঙরে পৌঁছানোর পর তেল খালাস শুরু হলে দ্রুততম সময়ে উৎপাদন প্রক্রিয়ায় ফিরতে পারবে ইস্টার্ন রিফাইনারি।

প্রসঙ্গত, ক্রুড অয়েলের মজুত ফুরিয়ে যাওয়ায় ১২ ফেব্রুয়ারি রাত থেকে ইস্টার্ন রিফাইনারি পিএলসির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে অপরিশোধিত তেল বোঝাই আরেকটি জাহাজ ‘নর্ডিক পোলক্স’ দীর্ঘদিন ধরে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে থাকায় এই সংকট তৈরি হয়েছিলো। মালয়েশিয়া থেকে আমদানির উদ্যোগও শেষ পর্যন্ত সফল না হওয়ায় এমটি নিনেমিয়ার ওপরই এখন নজর সংশ্লিষ্টদের।

বাংলাদেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার ৯২ শতাংশই আমদানি করে বিপিসি। এর মধ্যে ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, যা ইআরএলে পরিশোধনের মাধ্যমে ডিজেল, পেট্রল, অকটেনসহ ১৬ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন করা হয়। নিজস্ব পরিশোধনাগারে তেল পরিশোধন করলে খরচ কম হওয়ার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।