৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আরও দুই জাহাজ

0

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বিপুল পরিমাণ ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিনটি বড় জাহাজ। মঙ্গলবার বিকেলের পর থেকে রাত পর্যন্ত এসব জাহাজ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। এর মধ্যে দুটি জাহাজে রয়েছে প্রায় ৬৮ হাজার টন ডিজেল এবং একটিতে রয়েছে ১২ হাজার টন জেট ফুয়েল।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকেই এসব তেল খালাসের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে বন্দর ও শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার ‘লুসিয়া সোলিস’ প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে মঙ্গলবার বিকেলে বহির্নোঙরে ভিড়েছে। জাহাজটি আজ বুধবার দুপুর নাগাদ পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে।

অন্যদিকে, ডেনমার্কের পতাকাবাহী ‘টর্ম দামিনি’ প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে রাতে বন্দরে এসে পৌঁছায়। জাহাজ দুটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং।

প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ‘লুসিয়া সোলিস’ জেটির দিকে রওনা হয়েছে এবং ‘টর্ম দামিনি’ থেকে বর্তমানে লাইটারিং কার্যক্রম বা ছোট জাহাজে তেল স্থানান্তরের কাজ চলছে। প্রতিটি জাহাজ থেকে সম্পূর্ণ জ্বালানি তেল খালাস করতে প্রায় দুই দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একই দিনে আকাশপথের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ডিজেল ও জেট ফুয়েলের এই বড় চালানগুলো বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিদ্যুৎ ও পরিবহন খাতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।