চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।
শনিবার (১৫ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার জানিয়েছেন। তিনি বলেন, স্থগিতাদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিপইয়ার্ডের সব কার্যক্রম বন্ধ থাকবে।
শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ওই শিপইয়ার্ডে নোঙর করা একটি পুরোনো জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত ‘এমটি রাসি’ জাহাজটির দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার। গত বছরের জুলাইয়ে জাহাজটি চট্টগ্রামে নোঙর করে এবং ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে আনা হয়।
এদিকে, হংকং কনভেনশন সনদপ্রাপ্ত এই শিপইয়ার্ডে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনার কারণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্তের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।


