গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-কে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালের এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) তার গুরুতর অসুস্থতার খবর জানানো হয় এবং দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে তার অবস্থার উন্নতি না হলে তাকে ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হতে পারে। বর্তমানে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. মামুনুর রশিদের নেতৃত্বে চিকিৎসক দল তার নিবিড় চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
৮৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে চট্টগ্রামের মিরসরাই থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার বড় ছেলে সাবেদুর রহমান সুমু জানান, বর্তমানে চিকিৎসকদের একটি বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও জানান, গত ৩১ মার্চ ছোট ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে নিউমোনিয়া ধরা পড়ে।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।


