চট্টগ্রামে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপের কারণে শাহ আমানত (নতুন) সেতু এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে যানজট শুরু হলেও বিকেল পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। তীব্র গরমে অনেক যাত্রী গাড়ির ভেতরেই অসুস্থ হয়ে পড়েন।
যাত্রীরা জানান, অতিরিক্ত গাড়ির চাপ ও টোল প্লাজায় ধীরগতির কারণে যানজট আরও বেড়ে যায়।
সিএনজি অটোরিকশার যাত্রী নাজিম উদ্দীন বলেন, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভিড়। গাড়ির চাপ অনেক বেশি। ছোট গাড়িগুলো ইচ্ছেমতো ভাড়া চাচ্ছে, এতে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
আরেক যাত্রী নাদিয়া বলেন, নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ যানজট। প্রায় দেড় ঘণ্টা ধরে আটকে আছি। গাড়ি খুব ধীরগতিতে চলছে, টোল নিতেও দেরি হচ্ছে।
এদিকে যানজটে অ্যাম্বুলেন্সও আটকে পড়ার ঘটনা ঘটেছে। রোগী নিয়ে আসা এক যাত্রী জানান, যানজট ও গরমে রোগী আরও অসুস্থ হয়ে পড়েন।
শাহ আমানত সেতু এলাকার ট্রাফিক ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার বলেন, ঈদের ছুটিতে গাড়ির চাপ অনেক বেড়েছে। লোকাল গাড়ির সংখ্যা কমে যাওয়ায় চাপ আরও বেড়েছে। যানজট নিরসনে আমরা কাজ করছি।
চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী বলেন, প্রতিদিন গড়ে ২৭ হাজারের বেশি গাড়ি সেতু দিয়ে চলাচল করে। ঈদের সময় এই চাপ আরও বেড়ে যায়। টোল বুথ বাড়ানো হলেও অতিরিক্ত চাপ ও শৃঙ্খলাহীনতার কারণে যানজট তৈরি হচ্ছে।


