চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২১তম উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষক এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, রাজশাহী ও জগন্নাথসহ দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট এলাকার বাসিন্দা। তিনি মদনহাট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হাটহাজারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৩ সালের জানুয়ারিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন।

নিয়োগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, তিনি বিষয়টি টেলিভিশন ও অন্যদের মাধ্যমে জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি চিঠি বা আনুষ্ঠানিক নির্দেশনা তাঁর হাতে পৌঁছেনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামও জানান, নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি তিনি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। তবে এখনো এ সংক্রান্ত কোনো দাপ্তরিক চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছেনি।

মন্তব্য নেওয়া বন্ধ।