খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২১ মেট্রিক টন ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. সাজ্জাদ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন ডিএপি সার মজুদ করা হয়েছিল। এছাড়া বরাদ্দকৃত সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফারিয়া সুলতানা বলেন, বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন ডিএপি সার জব্দ করা হয়েছে। সারগুলো হেফাজতে নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। গুদামের বাইরে সরকারি সার মজুদ করায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
স্থানীয় খুচরা সার বিক্রেতাদের অভিযোগ, এসএস ট্রেডার্সের ডিলার মো. লোকমান হোসেন নিয়মিতভাবে খুচরা বিক্রেতাদের সার সরবরাহ করেন না। স্থানীয় সূত্রের দাবি, জব্দ করা সার তামাক চাষে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে ডিলার পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. সাজ্জাদ জানান, ডিলার মো. লোকমান হোসেন চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব রোডে ইস্পাহানি মির্জাপুর টি কোম্পানিতে চাকরি করেন এবং সেখান থেকেই সার ডিলারের কার্যক্রম পরিচালনা করেন।


