কক্সবাজারের মহেশখালীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সিপাহীরপাড়া গণগ্রন্থাগার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীরপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহেশখালী আইল্যান্ড হাইস্কুল, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, বড় মহেশখালী উচ্চ বিদ্যালয়, মদিনাতুল উলুম সুন্নিয়া দাখিল মাদ্রাসা, পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২৬ শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ শাহিন। স্বাগত বক্তব্য দেন মুহাম্মদ সৌরভ আজাদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের প্রভাষক রুহুল আমিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সৌরভ আজাদ, মওলানা সাইফুল আজিজ ক্বাদেরী, মাওলানা এরশাদুল করিম, মওলানা আব্দুল হাকিম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস.এম রুবেল, অ্যাডভোকেট মোহাম্মদ জুনায়েদ, সংবাদকর্মী নুরুল আবছার, ছাত্রনেতা মোহাম্মদ রিফাতসহ অন্যরা।
সিপাহীরপাড়া গণগ্রন্থাগারের সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এম এ করিম। এ সময় গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও ব্যাংকার সিরাজুল মুনির আসনাদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ ফয়সাল, অর্থ সম্পাদক মুহাম্মদ আমির হোসাইন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শেষ কথা নয়। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি উচ্চশিক্ষার স্বপ্ন দেখার এবং ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।


