যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তি অনুযায়ী ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এমভি এম পি আলট্রা ম্যাক্স ২ নামের জাহাজটি বুধবার (১ এপ্রিল) সেখানে নোঙর করে বলে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চালানের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
এর আগে, জি টু জি চুক্তির আওতায় প্রথম ও দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে যথাক্রমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে এসেছে। জি টু জি-০১ এবং জি টু জি-০২ চুক্তির অধীনে মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম ইতোমধ্যে দেশে পৌঁছেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
বাংলাদেশে বছরে গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যেখানে অভ্যন্তরীণ উৎপাদন প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে চাহিদা পূরণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে গম আমদানি করা হয়ে থাকে।
সূত্র: বাসস



মন্তব্য নেওয়া বন্ধ।