চট্টগ্রাম নগরী সুন্দর আছে, ভাসছে না: প্রতিমন্ত্রী শাহে আলম

0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে। চট্টগ্রাম নগরী পানির উপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে। যেরকম ছিল সেরকমই আছে। হঠাৎ করে অতি বৃষ্টির কারণে কিছুটা পানি জমা পড়লেও সঠিক সময়ে তা নিষ্কাশন হয়ে গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে এসে প্রবর্তক এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, আমরা ঢাকা থেকে যতটুকু দেখলাম, বুঝলাম, শুনলাম। প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রণালয়ের মন্ত্রী, দুইজন আমাকে নির্দেশনা দিয়েছেন সরেজমিনে এসে দেখবার জন্য। আমি এসে দেখলাম- চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না। চট্টগ্রাম নগরী শুষ্ক মৌসুমে যেরকম থাকে সেরকমই আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মহানুভবতা ও জনগণের প্রতি তার দরদ থেকে এই ছোট্ট একটি ঘটনা নিয়ে সংসদে দাঁড়িয়ে চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। এরপরে আমার আর কিছু বলার আছে বলে মনে করি না।

প্রতিমন্ত্রী বলেন, আমি এখনই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করব; আগামী দিনগুলোতে ও বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা না হয়। চট্টগ্রাম নগরবাসী যাতে স্বস্তিতে বসবাস করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেব।

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ছয়টি খালের মধ্যে পাঁচটির কাজ এমন পর্যায়ে আছে, সেটি পানি প্রবাহে খুব একটা বিঘ্ন ঘটাবে না। আর এই হিজড়া খাল একটি।

তিনি বলেন, খাল পুনঃনির্মাণের সময় স্টিল স্ট্রাকচারের মাধ্যমে রিটেইনিং ওয়াল দিয়ে ব্যারিকেড করতে হয়; যাতে মাটি ও পানি উল্টো দিক থেকে এসে কনস্ট্রাকশন কাজকে বাধাগ্রস্ত করতে না পারে। ঠিক এরকম এই খালের মাঝখানেও ব্যারিকেড তৈরি করা হয়েছিল। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর মনে করেছিল, ১৫ মে’র মধ্যে কাজটি সম্পন্ন করে রিটেইনিং ওয়াল সরিয়ে নিয়ে খালটি সচল করবে।

পরিদর্শনকালে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, সিডিএর প্রকল্প পরিচালক আহম্মদ মঈনুদ্দিন এবং সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।