খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বৃষ্টি উপেক্ষা করে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার মহালছড়ি জোনের আওতাধীন কমলছড়ি এলাকার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আরএমও ক্যাপ্টেন লাবনী জামান চিকিৎসা সেবা প্রদান করেন। সহযোগী হিসেবে ছিলেন উপজেলা কমপ্লেক্সের আরএমও ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। শিশু, নারী ও বয়স্কদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপসহ নানা রোগের চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের কথা জানিয়েছেন সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্যাপ্টেন লাবনী জামান বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।


